দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি চলবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে কলকাতা ও উপকুলীয় জেলাগুলোতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার-বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। সঙ্গে বইবে ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে সম্ভাবনা নেই ভারী বৃষ্টিপাতের। আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণাবর্তের প্রভাবে মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর সঙ্গে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত (৭ সেন্টিমিটারের বেশি) – এর সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

এখুনি বর্ষার আগমন হবে না দক্ষিণবঙ্গে। পশ্চিম ও উত্তর-পশ্চিম গরম হাওয়ায় বাধাপ্রাপ্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতি স্লথ হয়েছে। আবহাওয়া ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা শুরু হওয়ার কথা ১০ জুন থেকে তবে তা পেরিয়ে গিয়ে ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।

মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টির ফলে আপাতত স্বস্তিতে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ও কাল গরম ও অস্বস্তির মধ্যেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে সপ্তাহের শেষে আবার বাড়তে পারে তাপমাত্রা।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪.৬ ডিগ্রি সেলসিয়াস কম, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment