বর্ষা এল বঙ্গে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ১০ দিন আগে ঢুকে পড়লেও দক্ষিণে বর্ষা এল নির্ধারিত সময়ের ৬ দিন পরে। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় বৃষ্টি হবে বাংলায়। আগামী সাত দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।মূলত পশ্চিমের জেলাগুলিতে আজ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।

বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে সপ্তাহভর রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ খানিকটা কমবে তাপমাত্রাও। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় আজ, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে চলে গিয়েছে। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একনাগাড়ে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলবে। স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি।

কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ১১.৩ মিলিমিটার।

Leave a comment