আগামী বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মসৃন হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ পথ। তবে এই পরিস্থিতিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও পর্যাপ্ত বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে।

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সব জেলাতেই। এর সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী কাল অর্থাৎ মঙ্গলবার ও পরশু অর্থাৎ বুধবার কলকাতা সহ সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস‌। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগন জেলায়।

মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং সহ সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে ৩ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।‌ তবে পুরোপুরি মেঘলা আকাশের দেখাও মিলতে পারে। বাতাসে জলীয় বাষ্পের জেরে গরম ও অস্বস্তি থাকবে। তবে এর সঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত ও বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত।

আজ শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক অপেক্ষা ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গচকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। ৭৫ থেকে ৯১ শতাংশ রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment