বর্তমানে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে অপেক্ষমাণ (ওয়াটিং) টিকিট নিশ্চিত (কনফার্মড) হয়ে থাকে। যাত্রী স্বার্থে সেই পদ্ধতিরই পরিবর্তন হতে চলেছে। দুমাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটার সুযোগ পান যাত্রীরা। অনেক ক্ষেত্রে বুকিং শুরুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায় । লম্বা হতে থাকে ‘ওয়েটিং লিস্ট’।

সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে ‘ওয়েটিং লিস্ট’- এ থাকা যাত্রীরা জানতে পারবেন তাঁদের টিকিট নিশ্চিত হয়েছে কি না । যাত্রীদের অভিযোগ, মাত্র চার ঘণ্টা আগে জানতে পারলে শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয় না । অনেক সময় পরিকল্পনা বাতিল করতে হয় ।

যাত্রীদের এ হেন নানা অভিযোগ সুরাহা করতে এবার পদক্ষেপ শুরু করলো রেল। ২৪ ঘণ্টা আগে নিশ্চিতকরণ তালিকা প্রকাশ করার চিন্তা ভাবনা শুরু করেছে রেল। রেল কর্তাদের দাবি, আরও কয়েক সপ্তাহ রাজস্থানের বিকানের বিভাগে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চলবে ।

তারপরে তা দেশ জুড়ে শুরু করা যায় কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে।

অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না। ইদানীং এজেন্ট ও এআই-এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত তৎকাল টিকিট উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। রেলের আশা, এই নিয়ম চালু হলে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

Leave a comment