১৬ বছর পর ২০২৭ সালের ১ মার্চ থেকে শুরু হবে জনগণনা। তবে চার জায়গায় গণনা হবে তুষারপাতের কারণে আগামী বছর
২০২৭ এর ১ মার্চ থেকে জনগণনা শুরু হবে গোটা দেশে। তবে হিমালয় পার্বত্য অঞ্চল ও তৎসংলগ্ন অঞ্চল যেমন হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ ও উত্তরাখন্ডের কেন্দ্র শাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা সে সময় তুষারাবৃত থাকবে। সেই কারণে ঐ অঞ্চলগুলিতে আলাদাভাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের অক্টোবরেই শুরু হবে জন গণনা।
সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর হওয়ার কথা জনগণনা। ২০১১ সালে শেষবার গণনা হয়েছিল। কিন্তু কেন্দ্রের বক্তব্য অনুযায়ী করোনা পরিস্থিতিতে আদমশুমারির প্রক্রিয়া সম্ভব হয়ে ওঠেনি। যদিও ২০১৯ সালে CAA (সংশোধিত নাগরিকত্ব আইন) পাশের পরৎউত্তেজনার আবহে এই গণনার জন্য কোনও আগ্রহই কেন্দ্র দেখায়না বলেও বিভিন্ন মহলের একাংশের অভিযোগ।
দীর্ঘ পাঁচ বছর থমকে থাকার পর অবশেষে শুরু হবে গণনা। এটিই হবে মোদী আমলের প্রথম জনগণনা। কেন্দ্রীয় সূত্র অনুযায়ী, দুটি ধাপে এই গণনা হবে। গত মাসেই জনগণনার সঙ্গে জাতগণনার কথা জানিয়েছিল কেন্দ্র। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নথিভুক্ত করা হবে জাতি ও জনগোষ্ঠী সম্পর্কিত তথ্য। সেই সংক্রান্ত তথ্য সামনে আসতে পারে ২০২৮ সালে।
বর্তমানে মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ জন গণনা কমিশনার পদে রয়েছেন। গতবছর তাঁর কার্যকালের মেয়াদ ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত সম্প্রসারণ করেছিল কেন্দ্র।

Leave a comment