আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন-চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অপরদিকে বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অরুণাচল প্রদেশে। প্রতিমুহূর্তে বাড়ছে নদীর জলস্তর। আগরতলায় বার বার হড়পা বানে বিপর্যস্ত জনজীবন। সিকিমেও ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত জনজীবন। উত্তর সিকিমে বহু পর্যটক আটকে রয়েছে ধস নামার কারণে। এখনও উদ্ধার করা যায়নি তাদের। ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত কেরল, কর্ণাটক।

উত্তরবঙ্গে ১০ দিন আগে বর্ষা এলেও সেখানেই স্লথ হয়েছে মৌসুমী বায়ুর গতি। দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহবিদরা। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ জুন।

ভারী বৃষ্টিপাত না হলেও ভিজবে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে। বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে।

কলকাতায় আর্দ্রতার কারনের এই সপ্তাহে ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে। আংশিক মেঘলা বা মেঘলা আকাশ থাকলেও নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে স্থানীয় ভাবে হতে পারে দু এক পশলা বৃষ্টি। তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment