বুধবার রাত সাড়ে দশটা নাগাদ প্রবল বর্ষণের সময় হঠাৎ আগুন লাগে কোচবিহার কলেজের ভূগোল ল্যাবরেটরিতে। স্থানীয়রা ভিড় করতে থাকেন কলেজের সামনে। এরপর দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন ও কোতোয়ালি থানার পুলিশ। প্রায় সাড়ে ১১ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রের খবর, ল্যাবরেটরিতে থাকা ৪০টি কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল তা জানা যায়নি এখনও। ভূগোলের ল্যাবরেটরিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলেই খবর। কলেজ কর্তৃপক্ষের অনুমান, সম্ভবত বাজ পড়েই আগুন লাগতে পারে।

কলেজের গভর্নিং বডির সদস্য রতন চন্দ্র দাস জানিয়েছেন, “আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে ল্যাবরেটরিতে থাকা অনেক কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে।”

কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার দেবনাথ এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। আগামী বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Leave a comment