নিজের বিধানসভা কেন্দ্রে সেখানকার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ফিতে কেটে কিনা ঐকটি ক্যারমবোর্ডের উদ্বোধন করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়েছে ঠাট্টা-তামাশা। তৃণমূলের একাংশের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। তবে লাজ লজ্জা বিহীন এই বিধায়ক মুখ খুলতে কালবিলম্ব করেননি। তৃণমূলের কটাক্ষের পাল্টা জবাবে বলেছেন, “আমি কাউকে চুরি করতে উৎসাহ করছি না যেটা তৃণমূল করে থাকে।”

সূত্রের খবর আসানসোল দক্ষিণের একটি ক্লাবের তরুনদের জন্য এই ক্যারমবোর্ড টি উপহার দিয়েছেন তিনি। তারই উদ্বোধন করতে গিয়ে ফিতে কাটেন অগ্নিমিত্রা পাল। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট হলেই, তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্য লেখেন, “ক্যারমবোর্ড উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২০২৬-এ ভোটে জিতলে চাইনিজ চেকার, লুডো ও রুমালচোরের রুমাল উদ্বোধন করবেন আশা করি।”

এই পোস্টের স্ক্রীনশট নিয়ে অগ্নিমিত্রা পালও কটাক্ষ করতে দেরি করেননি দেবাংশু ভট্টাচার্যকে। প্রসঙ্গত, কয়েকবছর আগেও আলিপুর চিড়িয়াখানায় একটি ফলকে লেখা ছিল, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহশাবকদের আজ উন্মুক্ত করলেন…’ তারপরেই তৎকালীন দু’জন মন্ত্রীর নাম ছিল। একজন সুজিত বসু, অন্যজন রাজীব ব্যানার্জী। সেই প্রসঙ্গও টেনে তিনি দেবাংশু ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন।

মোটের ওপর সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা পালের এহেন কান্ড কারখানা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ প্রশ্ন করেছেন, ‘ভোটের ঘুটি সঠিক পকেটে পড়বে তো?’

Leave a comment