গোটা রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে গরম ও অস্বস্তিকর আবহাওয়া ছিল কিন্তু বুধবার রাতে ঝড়বৃষ্টির পর স্বস্তি পেয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী শহরাঞ্চলের মানুষ। এর ফলে কিছুটা কমেছে শহরের তাপমাত্রা।

আগামীকাল অর্থাৎ, শুক্রবার পর্যন্ত কম বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর থেকে আবার উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বৃষ্টিপাত। দুই দিনাজপুর-সহ, কোচবিহার ও দার্জিলিং-এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ২৬ মে অর্থাৎ সোমবার পর্যন্ত হতে পারে।

গতকাল অর্থাৎ বুধবার, রাতে ঝড়বৃষ্টির ফলে কলকাতায় পাঁচ ডিগ্রি তাপমাত্রার পতন হলেও সকালের মনোরম পরিবেশ কাটিয়ে বেলা বাড়লেই অস্বস্তিকর গরম আবহাওয়ার সৃষ্টি হবে।‌ এর কারণ, বাতাসে জলীয়বাষ্পের আধিক্য। তবে আজও বিকেলে বা রাতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে যা চলবে আগামী রবিবার পর্যন্ত।

আজ, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি কম।‌ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।‌ ৫২ শতাংশ থেকে ৯৮ শতাংশ রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আগামী ২৪ ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment