দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো-এর সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন , তবে দর্শকের জন্য খুবই দুঃখের খবর, কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হিসেবে আর দেখা যাবে না বিগ বি-কে। বলিউডের অন্দরে কান পাতলে কানাঘুষোয় শোনা যাচ্ছে এমনই খবর। যদিও এই খবরে এখনও সিলমোহর দেননি কেউই।

২০০০ সালে শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রথম সিজ়ন থেকেই সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। যদিও চতুর্থ সিজ়নে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সেই সিজ়ন ভাল না চলায় ফের ফিরিয়ে আনা হয় বিগ-বি কে। এ বার শোনা যাচ্ছে, অমিতাভ আর নয়। তাঁর জায়গায় এক ‘খান’ নাকি এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন। তবে এই খবরে সলমন খান অনুরাগীদের একাংশ চান তিনি যেন ‘বিগ বস’ ছেড়ে অবশ্যই ‘কেবিসি’তে সঞ্চালকের ভূমিকায় আসেন।

তবে গুঞ্জন যদি সত্যি হয় এবং এই রদবদল ঘটে, জনপ্রিয় শোয়ের দায়িত্ব পাবেন ভাইজান। তবে বিগ বি-র অনুপস্থিতিতে এই রিয়ালিটি শো কতটা গ্রহণযোগ্যতা পাবে দর্শক মহলের কাছে সেটাই বড় প্রশ্ন।

সূত্রের তরফে জানানো হয়েছে, ‘কেবল বড় পর্দা নয়, ছোট পর্দারও ভাইজান তিনি। ছোট ছোট শহরের দর্শকদের সঙ্গে তাঁর নিবিড় যোগ আছে, তাঁর ফ্যানবেস অনেক বড়। এর আগে শাহরুখ খান কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করেছেন। এবার সব যদি ঠিক থাকে তাহলে সলমান এই দায়িত্ব নিতে পারে বলেই খবর।

Leave a comment