চিন, হংকং থাইল্যান্ডের মতন দেশে হুড়মুড়িয়ে বাড়ছে কোভিড আক্রান্তদের সংখ্যা। ভারতেও আক্রান্ত হয়েছেন প্রায় ২৭০ জন। তবে উদ্বেগের বিষয় হ’ল এইবার মৃত্যুর খবর পাওয়া গেল মুম্বাই থেকে। একজন ১৪ বছরের কিশোর অন্যজন ৫৪ বছর বয়সি।

যদিও মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের কর্তৃপক্ষ ও বিএমসি অর্থাৎ মুম্বাই পুরসভা জানিয়েছে এদের মৃত্যুর প্রধান কারণ করোনা নয়। অন্যান্য জটিল রোগও ছিল তাঁদের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, নেফ্রোটিক সিড্রোমে ভুগছিলেন ঐ ১৪ বছরের কিশোর। যেখান থেকে কিডনি ফেইলিওর ও হাইপোক্যালসেমিক খিঁচুনি পরিলক্ষিত হয়। দ্বিতীয় রোগী ছিলেন ক্যান্সার আক্রান্ত। উভয় ব্যক্তিই মুম্বাইয়ের বাইরে সিন্ধুদূর্গ ও ডোম্বিভিলির বাসিন্দা।

চিন্তার কোনও কারণ নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও বিএমসি জানিয়েছে এপ্রিল অপেক্ষা মে মাসে আক্রান্তদের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। একটি বিবৃতিতে বিএমসি জানিয়েছে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কোভিড কেসের সংখ্যা খুবই অল্প ছিল। মে মাসের শুরু থেকে বিক্ষিপ্তভাবে বৃদ্ধি পেয়েছে এই সংখ্যা।’

সিঙ্গাপুর, হংকং-এ কোভিড-১৯ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার কারণ হ’ল অত্যন্ত সংক্রামক JN.1, LF.7, NB.1.8 স্ট্রেন-এর প্রভাব।

Leave a comment