এতদিন সকলের মুখে মুখে একটা কথা প্রচলিত ছিল, ‘বীরভূম মানেই কেষ্ট দা।’ অর্থাৎ বীরভূমে তৃণমূলের সব কিছুই ছিলেন অনুব্রত মন্ডল। তাঁর জনপ্রিয়তার জন্য তিনি বারবার উঠে এসেছেন শিরোনামে। গরু পাচার মামলায় গ্রেফতারিতেই তাঁর পদ ছিল অক্ষুন্ন। তবে এদিন বিধানসভার বাদল অধিবেশনথের আগেই তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয় জেলা সভাপতিদের তালিকা। আর সেখানে অনুব্রত মন্ডলের পদের কথা উল্লেখ করেনি দল।

তবে বীরভূমের জেলা সভাপতির পদ অন্য কেউ পাচ্ছেন না। তার কারণ এই পদটি অর্থাৎ বীরভূমের জেলা সভাপতি পদটিই তুলে দিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের খবর ২০২২ সালে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের গ্রেফতারির পর বীরভূম জেলার সংগঠন সামলাতে একটি কোর কমিটি গঠন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কোর কমিটির পারফরম্যান্স হিসেবে ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ এ লোকসভা নির্বাচনে ভালো ফল করে দল।
এই সব কারণ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার থেকে বীরভূমের দায়িত্ব সামলাবে দলের কোর কমিটি। অনুব্রত মন্ডল সেই কোর কমিটিতে সাধারণ সদস্য হিসেবে থাকবেন। বিরোধিরা মনে করছেন হয়তো, অনুব্রত মন্ডলের পদ খারিজ করে তাঁর ডানা ছাটা হয়েছে। তবে তৃণমূলের কোর কমিটি গঠন যে বেশ তাৎপর্যপূর্ণ তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a comment