পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে তাপপ্রবাহ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় রয়েছে কালবৈশাখীর সতর্কতা। বজ্রপাত সহ শিলাবৃষ্টি এবং প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গ জুড়েই দূর্যোগ থাকবে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলা অর্থাৎ মালদহ ও দুই দিনাজপুরে হালকা ও মাঝারি বৃষ্টিপাত ও সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করায় আগাম বর্ষার আগমন হ’ল। গতকাল অর্থাৎ ১৩ মে দক্ষিণ নিকোবর সহ উত্তর ও দক্ষিণ আন্দামান সাগরের কয়েকটি অঞ্চলে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর ফলে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জ ও মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়বে এই মৌসুমি বায়ু।

তবে কলকাতার পরিস্থিতিতে তেমন কোনও বদলের কথা উল্লেখ করেনি আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়লে গরমে হাঁসফাঁস অবস্থা হবে শহরবাসীর। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কার্যত একই থাকবে কলকাতার আবহাওয়া। তবে বৃহস্পতিবার রাত থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।

আজ সকলে কলকাতার সর্বনিম্ন উষ্ণতা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনের সর্বোচ্চ উষ্ণতা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮% থেকে ৮৫% এবং আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a comment