গতকাল বিকেলে ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে জানান উভয় দেশের সঙ্গে বৈঠকের পর সকলের সম্মতিতে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি ঘোষণা করছে দুই দেশ। এর পরেই বিকেল ৫ টায় যুদ্ধবিরতি ঘোষণা করেন ভারতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কিন্তু তিন ঘন্টা হতে না হতেই ফের শ্রীনগর, অমৃতসর, বারামুল্লা, উধমপুর, কাঠুয়াতে গোলা গুলি চলে ওপার থেকে।

সূত্রের খবর এর মাঝেই নিজের আসল রুপ প্রকাশ করেছে চিন। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইশক দারের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর কথোপকথনে উঠে এসেছে যে চিন পাকিস্তানের পাশে রয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় সমস্তরকম সাহায্যের আশ্বাস চিন দিয়েছে পাকিস্তানকে।

পাক বিদেশমন্ত্রক থেকে এরপর বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে চিন বরাবরের বন্ধু পাকিস্তানের। পাকিস্তানের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনওরকমভাবে পাশে থাকার বার্তা দিয়েছে চিন।

তবে মধ্যস্থতার খাতিরে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা হয়েছে ওয়াং ই-র। সেখানে চিনের বিদেশমন্ত্রী কাশ্মীরের পেহেলগামের হামলার নিন্দা করেছেন মাত্র।

Leave a comment